ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস আগামী শুক্রবার (২১ জুন) পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, “বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এবং ইসরায়েল-ইরান দ্বন্দ্বের কারণে সরকারি সব মার্কিন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিজ বাসভবনের ভেতরে বা আশপাশেই অবস্থান করতে বলা হয়েছে।” এতে আরও উল্লেখ করা হয়, জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেল আবিবে কনস্যুলার পরিষেবাগুলো ২১ জুন পর্যন্ত স্থগিত থাকবে।
এদিকে, ইসরায়েলের আকাশপথ এবং সমুদ্রবন্দরগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে, যার ফলে দেশ ছাড়ার বিষয়েও জটিলতা তৈরি হয়েছে। তবে বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরায়েল ত্যাগে সহায়তা সংক্রান্ত কোনো পদক্ষেপ এখনো ঘোষণা করেনি যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল-ইরান উত্তেজনা ক্রমশই ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক পরিসরে, যার বড় প্রভাব পড়ছে কূটনৈতিক কার্যক্রম ও জননিরাপত্তায়।





