সৌদি আরবে অনুমতি ছাড়াই মাছ ধরায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। আসির অঞ্চলের উপকূলীয় শহর আল-কাহমাহ থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার (১১ জুলাই) সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়, উপকূল নজরদারি ইউনিটের সদস্যরা ওই বাংলাদেশির কাছ থেকে অবৈধভাবে শিকার করা বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক বাংলাদেশি দেশটির সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় সৌদি সীমান্তরক্ষী বাহিনী সব প্রবাসী ও পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা সামুদ্রিক নিরাপত্তা আইন মেনে চলেন এবং দেশের সামুদ্রিক ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করেন।
সাধারণভাবে, অনুমতি ছাড়া মাছ ধরার মতো অপরাধের জন্য প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আশঙ্কা থাকে না। তবে কেউ যদি গুরুতর আইনি জটিলতায় জড়ান, তাহলে দেশে ফেরত পাঠানোর মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।





