বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী পূর্ণমাত্রায় প্রস্তুতি চলছে।
বৈঠক-পরবর্তী যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ান ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। বর্তমানে দেশের বিনিয়োগ পরিবেশ স্থিতিশীল ও ব্যবসাবান্ধব। তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানান।
ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট নিয়েও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য একটি বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকট। এই সংকটের টেকসই সমাধানে আঞ্চলিক সহযোগিতা জরুরি। বিশেষ করে আসিয়ানভুক্ত দেশগুলোর কার্যকর সহায়তা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আসিয়ান এই সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে সকাল ১০টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাযায়ায় আনুষ্ঠানিক বৈঠকে বসেন ড. মুহাম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট পাঁচটি সমঝোতা স্মারক (MoU) সই হয়, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি, বিদ্যুৎ এবং রোহিঙ্গা সংকট বিষয়ে সহযোগিতা। এছাড়াও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হয়েছে, যা উভয় দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে।
প্রধান উপদেষ্টার তিন দিনের মালয়েশিয়া সফরের এটি ছিল প্রথম দিনের কর্মসূচি। সফরের বাকি সময়ে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি এবং নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।





