ভারতের ছত্তিশগড়ে মুসলিমদের অন্তত ছয়টি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আহত ৭ পুলিশ

চ.jpg
নিজস্ব প্রতিবেদক ২৪ ঘণ্টা ডেস্ক

ভারতের ছত্তিশগড়ের গ্যারিয়াবন্দ জেলায় উত্তেজিত জনতার হামলায় অন্তত ছয়টি মুসলিম পরিবারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় নারী ও শিশুসহ ২০ জনের বেশি মানুষকে উদ্ধার করতে গিয়ে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি দুতকাইয়া গ্রামে কয়েক ঘণ্টা ধরে চলা সহিংসতার সূত্রপাত হয় স্থানীয়দের ওপর কথিত হামলার ঘটনাকে কেন্দ্র করে। অভিযুক্তদের মধ্যে একজন মন্দির ভাঙচুর মামলায় জামিনে ছিলেন।

গ্যারিয়াবন্দের পুলিশ সুপার বেদব্রত সিরমাউর জানান, ২০২৪ সালে গ্রামের বাসিন্দা আরিফ খানসহ আরও দুজন চবেশ্বর শিব মন্দিরে ভাঙচুর চালিয়েছিলেন। ওই ঘটনায় তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছিল।

পুলিশ জানায়, ১৮ বছর পূর্ণ হওয়ার পর আরিফ গত ১ ফেব্রুয়ারি ভোরে গ্রামে ফিরে আসেন এবং রায়পুর থেকে আসা তার দুই সহযোগীকে নিয়ে অন্তত চারজন ব্যক্তিকে মারধর করেন। আহতদের মধ্যে মন্দির ভাঙচুর মামলার অন্তত একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। ওই ঘটনার পর জামিন পাওয়ার পর থেকে ১ ফেব্রুয়ারির আগে আরিফ আর গ্রামে ফেরেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এরপর লাঠি, ইট-পাথর ও কেরোসিনের বোতল হাতে নিয়ে কয়েকশ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। দুতকাইয়া ও আশপাশের গ্রামের বাসিন্দাদের নিয়ে গঠিত জনতা অন্তত ১০টি মুসলিম পরিবারের বাড়িতে ঢোকার চেষ্টা করে। ওই পরিবারগুলো তখন ঘর বন্ধ করে ভেতরে আশ্রয় নিয়েছিল।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘জনতা যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং মুসলিমদের বাড়িতে ঢুকতে দেওয়ার দাবি জানায়। আমরা সংখ্যায় কম ছিলাম এবং রাজিম কুম্ভ—রাজ্যের একটি বড় ধর্মীয় সমাবেশ—চলমান থাকায় জনবল সংকট ছিল। কয়েক ঘণ্টা ধরে আমরা পাহারা দিয়ে নিশ্চিত করেছি যেন জনতা বাড়িতে ঢুকতে না পারে এবং নারী ও শিশুদের কোনো ক্ষতি না হয়।’

পুলিশ জানায়, জনতাকে শান্ত করার সব প্রচেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত বলপ্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। পরে একটি বাসে করে বাড়িগুলোতে আটকে থাকা ২০ জনের বেশি বাসিন্দাকে উদ্ধার করা হয়।

এই ঘটনায় দুটি পরিবারের দুই প্রাপ্তবয়স্ক সদস্য আহত হন। পাশাপাশি ছয়জন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং একজন পুলিশ সদস্য জনতার ছোড়া ইটের আঘাতে মাথায় মারাত্মকভাবে আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

Leave a Reply

scroll to top