পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ, ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

mirza-fakhrul-1768742140.jpg

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব করা হয়েছে: মির্জা ফখরুল

মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা ও পোস্টাল ব্যালট ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কমিশনের কিছু কার্যক্রম সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনে যান মির্জা ফখরুলের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।

বৈঠক শেষে সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ভোটারদের কাছে পৌঁছানো পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ এবং নির্দিষ্ট একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এসব ব্যালট তৈরি করা হয়েছে। বিশেষ করে বিদেশে নিবন্ধিত ভোটারদের কাছে ব্যালট পেপার পৌঁছানো এবং ব্যালটের নকশা ও মুদ্রণ প্রক্রিয়া নিয়ে তাদের গুরুতর আপত্তি রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা মনে করি, এই ব্যালট পেপারটি সঠিক নয়। এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে। কোনো একটি দলকে সুবিধা দেওয়ার চেষ্টা স্পষ্ট। তাই নির্বাচন কমিশনকে অবিলম্বে প্রতীক সংবলিত সঠিক ব্যালট পেপার সরবরাহ ও বর্তমান ব্যালট পরিবর্তনের আহ্বান জানিয়েছি।”

পোস্টাল ব্যালটের পাশাপাশি ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিয়েও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তার দাবি, জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্রের কপি, বিকাশ নম্বর এবং মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং একটি ফৌজদারি অপরাধ। এ বিষয়ে আগেও আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানানো হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।

প্রচারণার ক্ষেত্রেও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করে একতরফা প্রচারণা চালানো হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ জানানো হলেও নির্বাচন কমিশন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করে এর সঙ্গে জড়িতদের তালিকা কমিশনের কাছে দাবি করেছেন তিনি।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যেসব কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং ব্যালট পেপারসহ নির্বাচন প্রক্রিয়ার সব কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করতে হবে।

তবে সমালোচনার পাশাপাশি আশাবাদও ব্যক্ত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত চিহ্নিত করে নিরপেক্ষতার প্রমাণ দিতে পারলে এই কমিশনের অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।

Leave a Reply

scroll to top