নির্বাচনী সমাবেশে ধানের শীষ প্রার্থীদের পরিচয়, খুলনা-দক্ষিণাঞ্চলের উন্নয়ন রূপরেখা তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান
মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ ২২ বছর পর সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১২টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। সমাবেশে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ১৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি খুলনার উন্নয়ন, বন্ধ মিল-কারখানা চালু, গ্যাস সরবরাহ, সুন্দরবন ট্যুরিজম, আইটি সেক্টর, কর্মসংস্থান ও টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ দক্ষিণাঞ্চলের রূপরেখা তুলে ধরবেন বলে প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের।
দূর-দূরান্ত থেকে ইতোমধ্যে সমাবেশস্থলে পৌঁছাতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। কর্মী আব্দুর রহমান শেখ বলেন, দুই দশক পর প্রিয় নেতার আগমনে উচ্ছ্বসিত তিনি এবং খুলনা বিভাগের উন্নয়ন পরিকল্পনা শোনার অপেক্ষায় রয়েছেন।
খুলনা নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, এ সফর শুধু নির্বাচনী কর্মসূচি নয়, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নিয়োজিত নেতাকর্মীদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস ও মনোবল ফিরিয়ে আনার মুহূর্ত। ২২ বছর পর প্রিয় নেতাকে দেখা আবেগ, গর্ব ও সম্মানের বিষয়।
সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, খুলনা বিএনপির ঐতিহাসিক শক্তিশালী ঘাঁটি। এ সমাবেশে প্রায় ১৫ লাখ মানুষের যোগদানের আশা করা হচ্ছে, যা দক্ষিণাঞ্চলে দলের সাংগঠনিক শক্তি প্রদর্শন ও ভোটার আস্থা পুনরুদ্ধারে মাইলফলক হবে।
খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিএনপি প্রার্থীরা পূর্ণ শক্তি নিয়ে সমাবেশে যোগ দেবেন।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে খুলনায় এসেছিলেন, জিয়া হল অডিটোরিয়ামে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছিলেন।





