মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত অভিনেতা সালমান

সালমান খান

বলিউড অভিনেতা সালমান খান। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান। সিনেমা জীবনের ৫৮ বছরে এসেও একের পর এক সিনেমা দিয়ে ভক্তদের মন করে নিচ্ছেন এই তারকা। যেন বারংবার প্রমাণ করছেন, তিনি সত্যিই ‘টাইগার’। ব্যক্তিজীবনে নানা ঝড়ঝাপটার পাশাপাশি সম্প্রতি হত্যার হুমকি মাথায় নিয়ে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন এই অভিনেতা।

তবে এবার ভক্তদের জন্য দিলেন এক দুঃসংবাদ। জানালেন, মস্তিষ্কের একাধিক জটিল রোগে আক্রান্ত রয়েছেন তিনি। শারীরিকভাবে যে তিনি দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করে কাজ করছেন, তা নিজ মুখেই প্রকাশ করলেন।

সম্প্রতি নেটফ্লিক্সের জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়া কাপিল শো’-তে হাজির হয়ে নিজের অসুস্থতার কথা তুলে ধরেন সালমান খান। তিনি জানান, দীর্ঘদিন ধরে ভুগছেন ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজ়ম এবং এভি (আর্বোভেনাস) ম্যালফরমেশন-এর মতো দুরারোগ্য ব্যাধিতে।

সালমান বলেন, ‘প্রতিদিন হাড় ভাঙছে, পেশী ছিঁড়ে যাচ্ছে। এ দিক থেকে আমি ভীষণ দুর্বল। তবুও ট্রাইগেমিনাল নিউরালজিয়ার মতো রোগ নিয়ে শুটিং করেছি। মস্তিষ্কে রয়েছে অ্যানিউরিজ়ম। পাশাপাশি রয়েছে এভি ম্যালফরমেশনও। এই রোগগুলো নিয়েই নিয়মিত কাজ করে যাচ্ছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, সালমান খান যে রোগের কথা বলেছেন তার একটি ট্রাইগেমিনাল নিউরালজিয়া। এটি মস্তিষ্কের স্নায়ুজনিত এক কঠিন ব্যাধি। এই রোগে মুখের বিভিন্ন অংশে হঠাৎ হঠাৎ তীব্র বিদ্যুৎচমকের মতো ব্যথা হয়।

চিকিৎসকরা একে ‘সুইসাইড ডিজিজ’ বলেও উল্লেখ করেন, কারণ এই অসহনীয় ব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেন। অন্যটি ‘ব্রেইন অ্যানিউরিজ়’। মস্তিষ্কে কোনো শিরা বা ধমনী অস্বাভাবিকভাবে ফুলে গেলে তাকে বলা হয় অ্যানিউরিজ়ম। এটি ফেটে গেলে হতে পারে প্রাণঘাতী স্ট্রোক, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। পাশাপাশি ‘এভি ম্যালফরমেশন’ রোগের শিরা ও ধমনীর মধ্যে সংযোগ বিভ্রান্তিকরভাবে তৈরি হয়, যার ফলে রক্ত চলাচলে সমস্যা হয় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা থাকে।

নিজের এমন মারাত্নক এই রোগের কথা আগেও জানিয়েছিলেন এই অভিনেতা। ২০১৭ সালেও এক সাক্ষাৎকারে সালমান খান জানিয়েছিলেন, তিনি দীর্ঘদিন ধরেই ট্রাইগেমিনাল নিউরালজিয়ায় ভুগছেন। তখন বলেছিলেন, ‘এই রোগের ব্যথা এমনই যে অনেকে সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। আমি ভাগ্যবান, কারণ চিকিৎসা ও শক্ত মনোবল দিয়ে এখনো লড়ে যাচ্ছি।’

জানা গেছে, এই শারীরিক জটিলতার কারণে সম্প্রতি কিছু সিনেমার প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নিতে পারেননি বলিউডের এই তারকা। এমনকি কিছু সিনেমার শুটিং সময়মতো শুরু না হওয়ার কারণ হিসেবে তার শারীরিক অবস্থা নিয়েও বলিউড পাড়ায় নানান আলোচনা চলছে।

Leave a Reply

scroll to top