প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জলাবদ্ধতা নিরসন এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের লক্ষ্যে সরকার খাল খননের উদ্যোগ নিয়েছে। পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। বৃষ্টির কারণে হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নতুন রাস্তা নির্মাণ করলে অনেক ক্ষেত্রে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে সেটিকে ১২০০ শয্যায় উন্নীত করা হবে। মানুষের শারীরিক সুস্থতা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীর বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।
সফরে তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বিশেষ বাসে করে নগরের উদ্দেশে রওনা হন। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
পরে তিনি নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেন। এছাড়া বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এরপর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।