ভোটের কালি মোছার আগেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী

7c0b8a48efd1201bb40e343fda97fad8-69ddff2a62471.jpg
নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার দ্রুত বাস্তবায়ন করছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা কৃষকদের জীবন ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সেই কারণেই কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধনের জন্য এই দিনটি বেছে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে।

তিনি জানান, প্রি-পাইলট প্রকল্পের আওতায় ২২ হাজার কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হচ্ছে। দেশের ১১টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে প্রায় দুই কোটি ৭৫ লাখ কৃষকের মধ্যে এই কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে।

কৃষকদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সুবিধা দেওয়া হবে, যা কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। কৃষক সচ্ছল হলে দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, খাদ্যসংরক্ষণ ও খাদ্যঘাটতি মোকাবিলায় দেশের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যা ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধিতে সহায়তা করবে।

প্রধানমন্ত্রী বলেন, এখন দেশ গড়ার সময়। নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি যোগ করেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়নই সরকারের অঙ্গীকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বিশ্বখাদ্য ও কৃষি সংস্থা-এর বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী।

এ সময় কৃষক কবির হোসেন ও কৃষাণী জুলেখা বেগমও বক্তব্য রাখেন।

ভাষণ শেষে প্রধানমন্ত্রী পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন। পরে তিনি মওলানা আবদুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত করেন।

 

Leave a Reply

scroll to top