মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান খুঁজতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন পাকিস্তান টেলিভিশন (পিটিভি)-এর সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কের হাকান ফিদান, মিসরের বদর আবদেল আতি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান-কে মন্ত্রণালয়ে স্বাগত জানান।
কর্মকর্তারা জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান পরোক্ষ আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হবে।
এর একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই আলাপে আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এর আগে রোববার সকালে প্রিন্স ফয়সাল বিন ফারহান ইসলামাবাদে পৌঁছান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইরানের যুদ্ধ বন্ধে পাকিস্তানে চার রাষ্ট্রদূত





