আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : শফিকুর রহমান

jamat-20260131144401.jpg
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশবাসী আর কোনো আধিপত্যবাদ, ফ্যাসিবাদ কিংবা দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চায় না। তিনি বলেন, “আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই—যেখানে ন্যায়, ইনসাফ ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে।”

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বিগত সময়ে শত অত্যাচার-নির্যাতন সহ্য করেও আমরা দেশ ছাড়িনি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব ইনশাআল্লাহ। আমরা মজলুম ছিলাম, মজলুমের দুঃখ আমরা বুঝি। এ কারণেই আমরা কখনো জালিম হবো না।”

দেশব্যাপী নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, কোথাও যদি কোনো মা-বোনের গায়ে হাত তোলা হয়, তাহলে জামায়াত তা মেনে নেবে না। তিনি যুবকদের উদ্দেশে বলেন, “এ ধরনের ঘটনা যেখানেই ঘটবে, সেখানেই তোমরা সাহসী যুবকরা প্রতিরোধ গড়ে তুলবে—যেভাবে জুলাইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছো।”

তিনি আরও বলেন, “মা-বোনেরা কোনো ভয় পাবেন না। ভয়-ভীতিতে আপনারা ক্ষান্ত হবেন না। ন্যায়ের পক্ষে ভোট দিন, চাঁদাবাজদের রুখে দিন। জামায়াত ক্ষমতায় এলে মা-বোনেরা নিরাপদে থাকবেন।”

নারীদের উদ্দেশে আবেগঘন বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আপনারাই সেই মা, যারা আবরার ফাহাদ, আবু সাঈদ ও ওসমান হাদিদের জন্ম দিয়েছেন। যারা আপনাদের ভয় দেখায়, তাদের রুখে দিন। বলুন—ভোট দিতে যাব, ন্যায় ও ইনসাফের পক্ষে দেব, পারলে ঠেকাও।”

সমাবেশে তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিসভার সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন—এ প্রতিশ্রুতি তিনি ব্যক্তিগতভাবে দিচ্ছেন।

যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “আমরা কোনো যুবকের হাতে বেকার ভাতা তুলে দেব না। বরং যুবকদের দেশ গড়ার কারিগরে পরিণত করব। কর্মসংস্থান সৃষ্টি করে তাদের সম্মানের জায়গায় বসাতে চাই।”

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির সভাপতি নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম, মাওলানা আবদুল হালিম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ, ডাকসুর ভিপি সাদেক কাইয়ুম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবদুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান এবং কুমিল্লা-১০ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মো. ইয়াছিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Leave a Reply

scroll to top