টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। তবে আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের মুখে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এর প্রেক্ষিতে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না—এমন আশঙ্কা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সরকার ও বিসিবি নিজেদের অবস্থান স্পষ্ট করে এখন আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এখনো কোনো বক্তব্য দেয়নি। তবে দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে ভারত সরকারের অবস্থান তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় কিংবা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, সেটিকে বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত হিসেবেই দেখছে ভারত সরকার।
টাইমস অব ইন্ডিয়া আরও জানায়, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ একটি বহুজাতিক টুর্নামেন্ট। অলিম্পিক চার্টার অনুযায়ী ভারত সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানাতে প্রস্তুত। বাংলাদেশ খেলতে না এলে বা ভেন্যু পরিবর্তন চাইলে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।’
ভারতীয় সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ দল ভারতে এলে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে দলটি আসবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত একান্তভাবেই বাংলাদেশের—বল এখন বাংলাদেশের কোর্টে।





