নির্বাচনী প্রার্থীদের রিটার্ন দাখিলে এনবিআরের বিশেষ ব্যবস্থা

নির্বাচনী প্রার্থীদের রিটার্ন দাখিলে এনবিআরের বিশেষ ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য ছুটির দিনেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বিশেষ সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রার্থীদের রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াটি দ্রুত ও সহজ করতে এনবিআরের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহায়তায় একটি বিশেষ হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, নতুন চালু করা এই হেল্পডেস্কের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কারিগরি সহায়তা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি উপস্থিত হয়ে এ সেবা নিতে পারবেন।

আগামীকাল শুক্রবার এনবিআরের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে। শনিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হেল্পডেস্ক খোলা থাকবে।

আগামী রোববার ও সোমবার অফিস চলাকালীন এই হেল্পডেস্কগুলো করদাতাদের সেবা প্রদান করবে।

উল্লেখ্য, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও, চলতি বছর সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। গত ২৩ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিশ্রেণির করদাতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের রিটার্ন দাখিল করতে পারবেন।

এমএ

Leave a Reply

scroll to top