দীর্ঘ প্রবাস জীবন শেষে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টা ৩৯ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিলেটে নেমেই তারেক রহমান তার ফেসবুকে লিখেন, অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!
তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর)সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে দলটি। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে সুবিশাল মঞ্চ। বিমানবন্দরে নামার পর সরাসরি সেখানেই যাবেন তারেক রহমান।
প্রিয় নেতার আগমনে মুখরিত হয়ে উঠেছে পূর্বাচলের ৩০০ ফিট হাইওয়ে। ঐতিহাসিক এই মুহূর্তের অংশ হতে বুধবার রাত থেকেই দেশের নানা প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা সেখানে জমায়েত হয়েছেন। পুরো এলাকায় এখন উৎসবের আমেজ, আর সবার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে একটিই স্লোগান— ‘লিডার আসছে’।
এমএ





