বিটিআরসি ভবন ঘেরাও করল মোবাইল ব্যবসায়ীরা

বিটিআরসি ভবন ঘেরাও করল মোবাইল ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক

তিন দফা দাবি নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে মোবাইল ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন।

এসময় তাদের উপস্থিতির কারণে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ীদের প্রধান তিনটি দাবি হলো— এনইআইআর সংস্কার, মোবাইল ফোন বাজারে সিন্ডিকেট প্রথা বাতিল এবং বৈধভাবে মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ডাকা এ কর্মসূচি সম্পর্কে সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, আমরা বহুবার সরকারের কাছে আলোচনার আবেদন জানিয়েছি। কিন্তু একবারও কোনো পক্ষ থেকে আমাদের ডাকা হয়নি।

তিনি বলেন, আলোচনার টেবিলে বসলে এসব সমস্যার সমাধান সম্ভব ছিল। এখন পরিস্থিতি এমন হয়েছে যে, সারা দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর চালু হলে লাখ লাখ ছোট-বড় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। তাদের দাবি, নতুন নিয়ম বাস্তবায়িত হলে বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে। বাড়তি করের কারণে গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দাম বেড়ে যাবে।

উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করেছে সরকার। পাশাপাশি বৈধ পথে মোবাইল আমদানিতে শুল্কহার কমানো এবং প্রবাসীদের জন্য আনা ফোনে বিশেষ সুবিধা দেওয়ার কথাও জানিয়েছে। সরকার বলছে, এনইআইআরের মাধ্যমে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের আওতায় আসবে। এতে অবৈধভাবে আনা ফোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।

এমএ

Leave a Reply

scroll to top