সৌদি আরবকে ‘বন্ধু’ রাষ্ট্র হিসেবে আখ্যা দিলেন ট্রাম্প

সৌদি আরবকে 'বন্ধু' রাষ্ট্র হিসেবে আখ্যা দিলেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক মিত্র হিসেবে ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আয়োজিত নৈশভোজে এ ঘোষণা দেন তিনি।

এসময় ট্রাম্প বলেন, সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে নন-ন্যাটো মেজর অ্যালাই হিসেবে মনোনীত করা হচ্ছে, যা দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাবে।

এখন পর্যন্ত মাত্র ১৯টি দেশকে এই মর্যাদা দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি জানান, সৌদির অনুরোধে বিষয়টি অনুষ্ঠান পর্যন্ত গোপন রাখা হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে পরিষদ গঠিত হবে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাতে ভূমিকা রাখবেন। যদিও ওই পরিষদের চেয়ারম্যান হবেন বলে আগে থেকেই জানিয়ে রেখেছিলেন ট্রাম্প।

এর আগে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছান যুবরাজ। বৈঠকে সামরিক সহযোগিতা, পারমাণবিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বৃদ্ধির আলোচনা হয়।

সৌদি যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ১ লাখ কোটি ডলার করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সৌদি আরবের কাছে আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়েও আলোচনা চলছে।

এমএ

Leave a Reply

scroll to top