আজ থেকে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু

padma-20250915081622.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। এ সিস্টেমের মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ নির্দেশনায় পদ্মা সেতুতে এ প্রযুক্তিনির্ভর টোল সংগ্রহ ব্যবস্থা চালু হচ্ছে। এর ফলে সময় ও ভোগান্তি কমবে, একইসঙ্গে টোল আদায় প্রক্রিয়াও হবে স্বচ্ছ ও আধুনিক।

কিভাবে ব্যবহার করবেন ইটিসি সিস্টেম?

ইটিসি সিস্টেম ব্যবহার করতে হলে প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ট্যাপ অ্যাপ-এ গিয়ে “ডি-টোল” অপশনে গাড়ি রেজিস্ট্রেশন করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে গিয়ে প্রথমবারের মতো আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

প্রক্রিয়া শেষ হলে গাড়িচালকরা কমপক্ষে ৩০ কিলোমিটার গতিতে নির্ধারিত ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। সেসময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর একাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা

বর্তমানে কেবলমাত্র ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপ ব্যবহার করে রেজিস্ট্রেশন ও পেমেন্ট করা যাবে। তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংক ও ফাইন্যান্সিয়াল অ্যাপকেও এই সেবার আওতায় আনার উদ্যোগ চলছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই ইতোমধ্যে বিভিন্ন অ্যাপ ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের কাজ শুরু করেছে।

সেতু কর্তৃপক্ষের আশা, পদ্মা সেতুর এই নতুন ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা দেশের টোল ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন আনবে। গাড়ি চালকরা টোল প্লাজায় সময় নষ্ট না করে দ্রুত যাতায়াত করতে পারবেন এবং যানজটও অনেকাংশে হ্রাস পাবে।

Leave a Reply

scroll to top