পর্দায় ফিরছে জনপ্রিয় পরিচালক ও অভিনেতা জুটি—ভিকি জাহেদ ও আফরান নিশো। নতুন সিরিজ ‘আকা’য় তাদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ওটিটিতে এটাই তার প্রথম সিরিজ।
একটি নতুন ধাঁচের থ্রিলার নিয়ে হাজির হচ্ছেন তারা, যেখানে থাকবে সামাজিক বাস্তবতা, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও রহস্যঘন পরিবেশ। ‘আকা’ মুক্তি পাবে হইচই-তে, আগামী সেপ্টেম্বর মাসে।
নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আকা আমার কাছে খুব ইমোশনাল একটি প্রজেক্ট। আমি এর আগে থ্রিলার নির্মাণ করেছি, তবে এই প্রথম একটি সোশ্যাল থ্রিলার বানালাম। এটি আমার জন্য এক ধরনের এক্সপেরিমেন্ট। দর্শকের প্রতিক্রিয়াই বলে দেবে, সেই এক্সপেরিমেন্ট কতটা সফল।’
তিনি আরও বলেন, ‘নিশো ভাইয়ের সঙ্গে বহুবার কাজ করেছি, তবে এই প্রথম কোনও সিরিজে আমরা একসাথে কাজ করলাম। আর নাবিলা আপু চমৎকারভাবে পুরো টিমের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন। আমাদের সবার জন্যই এটা একটি গুরুত্বপূর্ণ কাজ।’
এর মধ্যেই বড় পর্দায় দুইটি সফল সিনেমা উপহার দিয়েছেন আফরান নিশো। প্রায় তিন বছর পর ওটিটিতে ফিরে তিনি ‘আকা’ নিয়ে বেশ আশাবাদী। নির্মাণ ও অভিনয় উভয় দিক থেকেই এটি হতে যাচ্ছে তার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট।
অন্যদিকে, মাসুমা রহমান নাবিলা বলেন, ‘আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটি নিয়ে আমি খুবই আনন্দিত। চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল এবং স্ক্রিপ্টও দারুণ। আশা করি দর্শক শুধু আমাকে নয়, পুরো গল্পটিকে ভালোভাবে গ্রহণ করবেন।’
সিরিজটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। ‘আকা’য় উঠে এসেছে ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ এবং মানবিক দ্বন্দ্বের গল্প। পুরো নির্মাণে থাকবে টান টান উত্তেজনা ও সাসপেন্সের ছাপ।
ওটিটি দর্শকদের কাছে আলোচিত ভিকি-নিশো জুটি এর আগেও একাধিক কনটেন্টে তাদের কেমিস্ট্রির প্রমাণ রেখেছেন। এবার নতুন গল্প ও নতুন ফর্ম্যাটে সেই অভিজ্ঞতার গভীরতা আরও বাড়বে বলেই প্রত্যাশা নির্মাতা ও অভিনেতাদের।