রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হলো এক বিশেষ আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি।
ডেঙ্গু জ্বরের প্রকোপ রোধে নাগরিক সচেতনতা জোরদারের উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ছাত্রদলের সাবেক সভাপতি এবং বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতিও ছিলেন।
ডা. মনোয়ারুল কাদির বিটু বলেন, “ডেঙ্গু একটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ। আমাদের শুধু কিছু নিয়মিত সতর্কতা ও পরিচ্ছন্নতা মেনে চললেই এই রোগের বিস্তার রোধ সম্ভব। জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং রাতে মশারি ব্যবহার—এই তিনটি চর্চাই পারে আমাদের পরিবারকে নিরাপদ রাখতে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. রাশেদুল হাসান রিপন। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগ নয়, প্রতিটি পরিবারের সক্রিয় অংশগ্রহণ দরকার। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং প্রতিবেশীদেরও সচেতন করা এখন সময়ের দাবি।”
এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ডা. এম এ তাইফুল হক।
অনুষ্ঠানে অংশ নেন বেসরকারি মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীরা। উপস্থিতদের মধ্যে ছিলেন—ফাহাদ মোল্লা, ইসমাম, সাকিব, তাজকীন, সালাউদ্দিন বাদল, তাহসীন চৌধুরী, নুশীন চৌধুরী, আশরাফ হোসেন, আশীকুর রহমান, মোবাশ্বের অয়ন, আবদুল্লাহ আল হাসানাত, মো. রানা এবং আরও অনেক স্বেচ্ছাসেবক।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচিত্র লিফলেট বিতরণ করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সরাসরি পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় চালিয়ে যাওয়া হবে।





