ঘোষণা হলো ঢাকসু নির্বাচনের তারিখ

1753784383.jpg
মো: আল মামুন ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রায় দীর্ঘদিন ধরে অচল থাকা এসব নির্বাচনী কাঠামোতে নতুন করে প্রাণ ফিরছে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশন এই তফসিল প্রকাশ করে। ঘোষণায় জানানো হয়, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ বজায় রাখতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষ একযোগে কাজ করবে।

ডাকসু নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে প্রতিনিধিত্ব সংকট তৈরি হয়েছিল বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ, প্রায় ২৮ বছর পর। তবে এরপর আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, ফলে কার্যকর কোনো প্রতিনিধি পর্ষদও গঠন হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু সবসময়ই রাজনৈতিক চর্চা ও জাতীয় নেতৃত্ব তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে এসেছে। বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে দেশের অনেক শীর্ষ রাজনীতিকই ডাকসু নেতৃত্বের মাধ্যমে তাদের রাজনীতির সূচনা করেছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত ডাকসু ও হল সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। তাই এবার সময়মতো নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ প্রশাসন।

এদিকে নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন সংগঠন ও প্যানেল ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানা গেছে।

 

 

 

Leave a Reply

scroll to top