আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ত্রাণ ফেলার দাবি ইসরায়েলের

1753582814-bb9e7c9d610ad12d035acef7be92e80e.webp
মো: আল মামুন অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক চাপ ও গাজায় ক্রমবর্ধমান খাদ্যসংকটের মধ্যে ইসরায়েল দাবি করেছে, তারা আকাশপথে মানবিক সহায়তা পাঠিয়েছে।

রবিবার ভোরে এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, গাজা উপত্যকায় তারা সাতটি ত্রাণ প্যাকেট ফেলে, যাতে ছিল ময়দা, চিনি ও টিনজাত খাবার।

এর আগে ইসরায়েল ঘোষণা দিয়েছিল, জাতিসংঘের ত্রাণবহরকে গাজায় প্রবেশের সুযোগ দিতে তারা মানবিক করিডোর চালুর প্রস্তুতি নিচ্ছে।

দুই মিলিয়নের বেশি মানুষের বসবাসকারী গাজায় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সরবরাহ না থাকায় গণঅনাহারের শঙ্কা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে ত্রাণ পাঠানোর দাবি জোরালো হয়। তবে ইসরায়েল ‘ইচ্ছাকৃতভাবে অনাহার সৃষ্টি’র অভিযোগ অস্বীকার করে।

আইডিএফ জানিয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় এবং গাজার ত্রাণ তদারকির দায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক সংস্থা কোগাটের নেতৃত্বে এয়ারড্রপটি পরিচালিত হয়েছে।

বিবৃতির সঙ্গে সেনাবাহিনী একটি ভিডিও প্রকাশ করে, যেখানে একটি প্লেন থেকে ত্রাণ ফেলার দৃশ্য রয়েছে বলে দাবি করা হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ফিলিস্তিনি কর্মকর্তারা।

Leave a Reply

scroll to top