হতাশ ভুলে বিজয়ের হাসি ফিরছে টাইগারদের

b62583e9c5386dcf17c4497bcc6cfe80dcdd355b5794cbc7-2507202347.jpg
মো: আল মামুন এম আলী

শ্রীলঙ্কা সফরের হতাশা ভুলে বাংলাদেশের ক্রিকেটে ফিরল বিজয়ের হাসি। ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে দারুণ এক চাঙ্গা বার্তা দিল টাইগাররা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের নায়ক ছিলেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। ব্যাট হাতে ঝলসে উঠার পাশাপাশি বল হাতে ঝাঁঝ দেখিয়েছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

তাসকিন-মোস্তাফিজের আগুনে শুরু

টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতেই কাজে লাগে সেই সিদ্ধান্ত। দ্বিতীয় ওভারেই সাইম আইয়ুবকে ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান তাসকিন আহমেদ। এরপর একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সফরকারীরা।

বিশৃঙ্খল ইনিংসে পাকিস্তানের পক্ষে লড়াই করেন শুধু ফখর জামান। ৩৪ বলে ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেও রানআউট হয়ে ফিরে যান। বাকিদের মধ্যে খুশদিল শাহ (১৮), আব্বাস আফ্রিদি (২২) ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান—বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই তাদের সর্বনিম্ন স্কোর।
তাসকিন ৩টি, মোস্তাফিজ ২টি, তানজিম সাকিব ও মেহেদী হাসান ১টি করে উইকেট নেন।
বিশেষ করে মোস্তাফিজ মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে গড়েছেন বাংলাদেশের ইতিহাসে ৪ ওভারে সবচেয়ে কম রান খরচে বোলিংয়ের রেকর্ড।

ইমনের ব্যাটে সহজ জয়

১১১ রানের সহজ লক্ষ্য তাড়ায় শুরুতে কিছুটা চাপে পড়ে টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই তানজিদ হাসান তামিম ও দ্বিতীয় ওভারে অধিনায়ক লিটন দাস ফেরেন মাত্র ১ রান করে। স্কোর তখন ৭/২।

এই বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। দুই তরুণের ব্যাটে আসে ম্যাচ বদলে দেওয়া ৭৩ রানের জুটি। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে ফিরে গেলেও ইমন ছিলেন অবিচল।

৩৯ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংসে ইমন হাঁকান ৬টি চার ও ২টি ছক্কা।
জাকের আলী অনিকের (১০ বলে ১৫*) সঙ্গে মিলে ১৯তম ওভারের প্রথম বলেই জয় নিশ্চিত করেন টাইগাররা।

সিরিজে এগিয়ে, চোখ এখন শিরোপায়

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিতলেই নিশ্চিত হবে সিরিজ জয়।
বিশ্বকাপের আগে এমন ধারাবাহিক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সই চায় পুরো দেশ।

তাসকিন-মোস্তাফিজের ধারাবাহিক ফর্ম, হৃদয়-ইমনের আত্মবিশ্বাসী ব্যাটিং—সব মিলিয়ে বাংলাদেশ দলের সামনে আশার আলো।
পাকিস্তানের জন্য এ হার একটি সতর্কবার্তা—তাদের ব্যাটিং লাইনআপে দ্রুত স্থিরতা না ফিরলে পুরো সিরিজটাই হাতছাড়া হতে পারে।

 

 

 

 

Leave a Reply

scroll to top