বরিশাল-ভোলা মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা এবং পলিথিনে মোড়ানো অবস্থায় অ্যাসিডদগ্ধ এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৯ জুন) ভোরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানাধীন তালুকদার হাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন। তিনি জানান, উদ্ধারকৃত নারীকে তাৎক্ষণিকভাবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে এবং তার নিবিড় চিকিৎসা চলছে।
স্থানীয় ব্যবসায়ীরা ভোরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, ওই নারীকে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। এরপর তারা দ্রুত পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, পুলিশের মাধ্যমে মাঝবয়সী এক নারীকে উদ্ধার করে আনা হয়েছে। তার শরীরে দাহ্য জাতীয় পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে। তবে, এটি অ্যাসিড কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তার বিস্তারিত চিকিৎসা চলছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ এবং এর সাথে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।





