অধিনায়কত্বের ভবিষ্যৎ কী? শান্ত দিলেন কূটনৈতিক উত্তর

New-Project-64-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

দ্বিতীয় টেস্ট শুরু হবে কাল বাদে পরশু, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। তার আগে আজ অনুশীলনের শুরুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ভবিষ্যৎ পরিকল্পনা বা নেতৃত্ব নিয়ে স্পষ্ট কিছু না বলে তিনি এড়িয়ে গেছেন আলোচনা—মার্জিত কূটনৈতিক ভাষায়।

গল টেস্টের ইনিংস ঘোষণা বিলম্বিত করায় সমালোচনার মুখে পড়েছেন শান্ত ও মুশফিকুর রহিম। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত মাইলফলকের কথা ভেবেই ইনিংস ঘোষণা দেরি করেন তারা, যার ফলে হাতছাড়া হয় জয়ের সম্ভাবনা। শান্ত অবশ্য এ বিষয়ে সরাসরি জবাব দেন, ‘হয়তো ঝুঁকি নিতে পারতাম বা আরও আগে ডিক্লেয়ার করা উচিত ছিল, এ রকম অনেকে যার যার জায়গা থেকে বলতেই পারেন। তবে আমার মনে হয় না, না জেনে ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়কে আক্রমণ করা উচিত।’

তিনি বলেন, সিদ্ধান্তটি একক নয়—বরং আবহাওয়া, কন্ডিশন এবং কোচিং স্টাফের পরামর্শেই নেওয়া হয়েছিল। মুশফিকের ইনিংস নিয়েও শান্ত বলেন, ‘মুশফিক ভাই এত বছর ক্রিকেট খেলেছেন, আমার মনে হয় না ওই ১ রান নিয়ে অনেক বড় কিছু উনি অর্জন করে ফেলতেন।’

ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর টেস্ট নেতৃত্বও ধরে রাখা নিয়ে চলছে জল্পনা। এ বিষয়ে শান্ত বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হতে থাক। এ নিয়ে কথা বলতে চাই না। একজন অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে আমি এখন টেস্ট ম্যাচটাই ভালোভাবে শেষ করতে চাই।’ অর্থাৎ নেতৃত্ব থাকছে কি না, তা নিশ্চিত করে বলেননি, আবার নাকচও করেননি।

জানা গেছে, সিরিজ শেষে বোর্ডের সঙ্গে আলোচনা করতে পারেন শান্ত। এদিকে, দ্বিতীয় টেস্টে ফিরছেন মেহেদী হাসান মিরাজ। তার ফেরাটা দলে ভারসাম্য ফিরিয়ে আনবে বলেই বিশ্বাস শান্তর, ‘শান্তর দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যাটিং-বোলিং দুইভাবেই সে অবদান রাখতে পারে।’

সব বিতর্ক ও চাপের মধ্যে শান্ত জানিয়েছেন, দল এখন পরের ম্যাচেই মনোযোগ দিতে চায়। ‘এ রকম সময়ে এ ধরনের আলোচনা হওয়াই উচিত নয়। এসব যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই ভালো। আশা করব পেশাদার ক্রিকেটার হিসেবে সবাই চেষ্টা করবে মাঠে কীভাবে অবদান রাখতে পারে।’

Leave a Reply

scroll to top