দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) এই ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ (রবিবার) প্রকাশিত করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষাগুলোর ফলাফলে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে চট্টগ্রামের তিনজন, ঢাকা ও রাজশাহীর একজন করে রোগী রয়েছেন।
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৫ জনে।
চলতি বছরের শুরু অর্থাৎ ১ জানুয়ারি থেকে আজ (২২ জুন) পর্যন্ত দেশের করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে, এই সময়ে ৫ হাজার ৫৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং এই সময়ে ১৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নমুনা পরীক্ষার সংখ্যা তুলনামূলক কম হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। ঈদুল আজহার পর মানুষের অবাধ চলাচল এবং জনসমাগম বাড়ায় সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। তারা সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা এবং প্রয়োজনে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে।





