কোরবানির হাটে আলোচনায় ৪০ মণের ‘সাদা পাহাড়’

নেত্রকোনার ৪০ মণ ওজনের সাদা পাহাড়। ছবি: সংগৃহীত

নেত্রকোনার ৪০ মণ ওজনের সাদা পাহাড়। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এক বিশালদেহী ষাঁড়। দুধের মতো ধবধবে সাদা রঙের কারণে যার নাম রাখা হয়েছে ‘সাদা পাহাড়’। আনুমানিক ৪০ মণ ওজনের এই গরুটিকে এক নজর দেখতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামের কৃষক বুলবুল মিয়ার বাড়িতে ভিড় জমাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা উৎসুক জনতা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাদা পাহাড়কে ঘিরে এলাকাবাসীর উৎসাহ-উদ্দীপনা। স্থানীয়দের ধারণা, এটিই সম্ভবত কেন্দুয়া উপজেলার সবচেয়ে বড় গরু। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান নিজেও বেশ কয়েকবার বুলবুল মিয়ার বাড়িতে এসে সাদা পাহাড়ের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেছেন এবং তার আলাদা যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

গরুটির মালিক কৃষক বুলবুল মিয়া জানান, চার বছর আগে মাত্র সাড়ে ৬৭ হাজার টাকায় ফ্রিজিয়ান জাতের এই বাছুরটি কিনেছিলেন তিনি। এরপর থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে পরিবারের ৪-৫ জন সদস্য মিলে পরম যত্নে এটিকে লালন-পালন করে আসছেন। শান্ত স্বভাবের এই ষাঁড়টি পরিবারের কাছে সন্তানের মতোই প্রিয়।

সাদা পাহাড়ের পেছনে প্রতিদিনের খরচও নেহাত কম নয়। বুলবুল মিয়া জানান, তার খাবারের তালিকায় প্রতিদিন থাকে ভুসি, চালের কুঁড়া, ভুট্টা, অ্যাংকর, খৈল এবং ১৬টি বড় কলা। এর পেছনে প্রতিদিন প্রায় ১২০০ টাকা খরচ হয়। তীব্র গরমে আরাম দিতে মোটর থেকে পানি তুলে পাইপ দিয়ে দিনে ৪-৫ বার গোসল করানো হয়। এছাড়া, মশার উপদ্রব থেকে রক্ষা করতে প্রতিদিন চারটি কয়েল জ্বালাতে হয়।

তিনি আরও জানান, “খুব শখ করে সন্তানের মতো লালন-পালন করেছি। এবারের কোরবানির ঈদেই এটি বিক্রি করে দেব।” তবে তিনি কোনো নির্দিষ্ট দাম বলছেন না। তার চাওয়া, যারা সাদা পাহাড়কে কিনতে আগ্রহী, তারা যেন নিজেরাই এসে দেখে এবং মেপে গরুটির দাম নির্ধারণ করেন।

কেন্দুয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা কামরুজ্জামান ও জহিরুল ইসলাম নিশ্চিত করেছেন, তাদের জানামতে বুলবুল মিয়ার ‘সাদা পাহাড়’ই কেন্দুয়া উপজেলায় এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু। তারা মনে করছেন, এবারের কোরবানির পশুর হাটে এটি নিঃসন্দেহে একটি অন্যতম আকর্ষণ হবে। আশা করা হচ্ছে, এই বিশালদেহী ‘সাদা পাহাড়’ কোরবানির ঈদ বাজারে সাড়া ফেলবে এবং ভালো দামে বিক্রি হবে।

Leave a Reply

scroll to top