সিলেট সীমান্তে থেকে ১৯ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোররাতে বিশেষ এক অভিযান পরিচালনা করে এসব ইয়াবা জব্দ করেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, বর্তমান সরকার জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় জকিগঞ্জ ব্যাটালিয়ন সিলেট সেক্টরের নির্দেশনায় মানিকপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করে।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে জকিগঞ্জ উপজেলার সরিষাকুড়ি এলাকা দিয়ে ভারত থেকে বড় পরিমাণ ইয়াবা বাংলাদেশে প্রবেশ করতে পারে। রাত আনুমানিক ১টার দিকে টহলদল সেখানে অবস্থান নেয়।
এরপর রাত ১টা ৩০ মিনিটের দিকে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ১৯ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৫৭ লাখ ৩০ হাজার টাকা।
কর্নেল জুবায়ের আনোয়ার আরও বলেন, মাদকবিরোধী অভিযান এবং সীমান্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
সীমান্ত সুরক্ষায় বিজিবি ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
এমএ





