আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশে বর্তমানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে, তাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে সেটি নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
সেনাবাহিনীর মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের সময় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে সেনাবাহিনী। এ পর্যন্ত ৮০ হাজারের বেশি সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “আমরা সচেষ্ট আছি, যেন কোনও নিরীহ ব্যক্তি হয়রানির শিকার না হন। বিশেষ করে গেল জুলাই-আগস্টে অনেক মামলায় টাকা নিয়ে সাধারণ মানুষের নাম যুক্ত করা হয়েছে, এমন অভিযোগ এসেছে। এসব বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক রয়েছে।”
তিনি জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আতঙ্কের কিছু নেই। আমরা জুলাই মাসের তুলনায় এখন ভালো অবস্থানে আছি। আগের মতো কেউ থানায় আসতে চাইত না, আনসার বাহিনীতে বিদ্রোহ হচ্ছিল, এমনকি অন্যান্য বাহিনীর মধ্যেও জড়তা ছিল। এখন অনেকটা পরিবর্তন এসেছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা হয়তো এখনো পুরোপুরি কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাইনি। তবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে পরিস্থিতি প্রয়োজন, আমরা সেই স্তরে পৌঁছে গেছি বলে মনে করি।”
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন সামনে রেখে সব বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশবাসী একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন পাবে।





