দেশজুড়ে ক্রমশ বেড়েই চলছে এডিস মশাবাহীত ডেঙ্গু জ্বরের প্রকোপ। এই রোগটি প্রতিরোধে যে উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল সংশ্লিষ্টরা সেটা নিতে পারেনি। ফলে প্রতিদিন ডেঙ্গুতে মৃত্যুর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।
শুক্রবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (২৯ নেভেম্বর থেকে ৫ ডিসেম্বর) ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ৩ হাজার ৬৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ২৯ নভেম্বর কারও মৃত্যু না হলেও ৫৭২ জন হাসপাতালে, ৩০ নভেম্বর পাঁচজনের মৃত্যু এবং ৬৩৬ জন হাসপাতালে, ১ ডিসেম্বর দুইজনের মৃত্যু এবং ৬১০ জন হাসপাতালে, ২ ডিসেম্বর দুইজনের মৃত্যু এবং ৫৬৫ জন হাসপাতালে, ৩ ডিসেম্বর পাঁচজনের মৃত্যু এবং ৪৯০ জন হাসপাতালে, ৪ ডিসেম্বর তিনজনের মৃত্যু এবং ৫৬৫ জন হাসপাতালে, ৫ ডিসেম্বর কারও মৃত্যু না হলেও ২০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি মাসে (ডিসেম্বর) এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২ হাজার ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছেন ১২ জন।
এ ছাড়া চলতি বছর ৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৮২৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৬২৪ জন। মারা গেছেন ৩৯৪ জন।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
এমএ





