সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসে একটি সম্পূর্ণ গ্রাম মাটিচাপা পড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১,০০০ মানুষ।
স্থানীয় সময় ৩১ আগস্ট, শনিবার টানা বর্ষণের পর পাহাড় ধসে মুহূর্তেই পুরো গ্রামটি চাপা পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে দারফুরে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট, যারা ওই এলাকা নিয়ন্ত্রণ করছে।
গ্রুপটি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা গেছে মাত্র একজনকে। বাকিরা সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক মিনিটের মধ্যেই বিশাল পাথর, কাদা ও গাছপালার স্রোতে বসতিগুলো ধসে পড়ে। উদ্ধারকাজে চরম সংকটে পড়েছেন স্থানীয়রা। নেই পর্যাপ্ত যন্ত্রপাতি, খাদ্য, বিশুদ্ধ পানি কিংবা চিকিৎসা সামগ্রী।
দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন। ফলে আন্তর্জাতিক সহায়তা ছাড়া উদ্ধার তৎপরতা সম্ভব নয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সুদানে চলমান গৃহযুদ্ধের কারণে বহু মানুষ মাররা পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। এবার সেই আশ্রয়স্থলই পরিণত হলো মৃত্যুকূপে।
ভূমিধসের ঘটনা দেশটিতে চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে। জাতিসংঘ, রেডক্রস ও অন্যান্য মানবিক সংস্থাগুলোর কাছে জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়েছে।





