দীর্ঘ বিরতির পর আবারও নির্মাণে ফিরলেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান। তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য নির্মাণ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘জল জোছনা’। এই নাটকের সূচনা সংগীত ‘তোমাকে ভালোবেসে’ গেয়েছেন সংগীতশিল্পী পপি ও রিফাত সুলতান।
গানটির কথা ও সুর করেছেন নির্মাতা নিজেই। সংগীতায়োজন করেছেন কৌশিক আহমেদ অন্তর।
শিল্পী পপি বলেন, “এটি মূলত আমাদের জীবনদর্শনের গান। এ ধরনের গান আগে গাওয়ার সুযোগ হয়নি। চেষ্টা করেছি সর্বোচ্চ দরদ দিয়ে গাইতে। আশা করছি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”
অন্যদিকে রিফাত সুলতান জানান, “আমার কণ্ঠ শুনে সোহেল ভাই আমাকে এই সুযোগ দিয়েছেন। এটি আমার জীবনের বড় প্রাপ্তি। তিনি আশীর্বাদ করেছেন এবং জানিয়েছেন ভবিষ্যতেও আমাকে নিয়ে কাজ করবেন।”
সোহেল আরমান জানান, ‘জল জোছনা’ ধারাবাহিকটি আগামী সেপ্টেম্বর থেকেই বিটিভিতে প্রচার শুরু হবে।





