বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে তাদের সন্তান হওয়ার পর। দম্পতি এখন আর কোনো ‘শান্তি’ পাচ্ছেন না। সম্প্রতি, সিদ্ধার্থ নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, বাবা হওয়ার পর তার জীবন একেবারে বদলে গেছে।
সিদ্ধার্থ জানান, “আমার প্রতিদিনের সূচি এখন পুরোপুরি বদলে গেছে। এখন সকাল সকাল বাড়ি ফিরে এসে, ঘুমাতে পারি না। খাওয়াদাওয়া থেকে ঘুমের ধরন— সব কিছু তছনছ হয়ে গেছে। আজকাল অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়, তবে এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা। ভোর ৩টা-৪টা পর্যন্ত খাওয়াদাওয়া চলতেই থাকে।”
তিনি আরও যোগ করেন, “এখন বাড়িতে যেন এক সহ-অভিনেতার মতো অবস্থায় রয়েছি। যা কিছু ঘটছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি।” হাসতে হাসতে তিনি বলেন, “হ্যাঁ, ন্যাপি বদলাচ্ছি। ন্যাপি না পরালে যে ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারে, সেই অভিজ্ঞতাও হয়েছে।”
২০২১ সালে ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। তিন বছর প্রেম করার পর ২০২৩ সালে তারা গোপনে বিয়ে করেন। ১৫ জুলাই তাদের কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসে। ১৬ জুলাই, সোশ্যাল মিডিয়ায় তারা নিজেরাই সুখবরটি দেন, “আমাদের শিশুকন্যা এসে গেছে। দয়া করে কোনো ছবি নয়; শুধু আশীর্বাদ করুন।”