জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দ্বিতীয়বারের মতো ভাষণ দেন অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূস। বিশ্বমঞ্চ থেকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের পাশে ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির ছয়জন নেতা। নির্বাচন ইস্যুতে তাঁর বক্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দলগুলোর নেতারা।
প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, “নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত জোরালো ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই।”
তিনি আরও যোগ করেন, “আমরা খুশি যে এই সফরে সব রাজনৈতিক দলকে তিনি সম্পৃক্ত করেছেন। এর মাধ্যমে বাংলাদেশের ঐক্য বিশ্ববাসীর সামনে প্রতিফলিত হয়েছে।”
এর আগে ভাষণে ড. ইউনূস বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচারকে বিদায় দিয়েছে। এখন দেশ ঘুরে দাঁড়াতে চাইছে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পাশাপাশি সংস্কারের কাজ চলছে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা এমন একটি প্রক্রিয়া শুরু করে দিতে চাই, যাতে পরবর্তী সময়ে যে সরকারই গঠিত হোক, সংস্কার কাজ যেন অব্যাহত থাকে।”