দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডে উপলক্ষে তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাইয়ের বিপ্লবের পর যে পরিবর্তনের সূচনা হয়েছে, সেটিকে এগিয়ে নিতে প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা মুহুর্মুহু করতালি ও স্লোগানে নোবেলজয়ী অর্থনীতিবিদকে স্বাগত জানান। ড. ইউনূস হাত নেড়ে তাদের অভিবাদন গ্রহণ করেন।
তিনি বলেন, “বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। প্রবাসীরা যে যেখানেই আছেন দেশের জন্য কাজ করতে হবে।” রেমিট্যান্সের প্রবৃদ্ধিতে বিদেশে থাকা বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে তিনি জানান, গত এক বছরে রেমিট্যান্সে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি এসেছে। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ আরও অনেকে। তারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়া প্রবাসী বিএনপি নেতা হুমায়ূন কবীর, যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডা. নাকিবুর রহমান ও এনসিপি নেতা ডা. তাসনিম জারা আবেগঘন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ দূত লুৎফী সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বক্তব্য দেন। প্রশ্নোত্তরপর্বে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিমানবন্দরে রাজনীতিকদের ওপর হামলার ঘটনায় তদন্তের আশ্বাস দেন।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১১ দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। সফরের অষ্টম দিনে তিনি প্রবাসীদের নিয়ে এ অনুষ্ঠান করেন। ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বার নিউইয়র্ক সফরে গেলেও এবারই প্রথম প্রবাসীরা সরাসরি সরকারপ্রধানকে দেখার সুযোগ পেলেন।