বিভিন্ন দেশের ভিসা পেতে জটিলতায় পড়ছেন বাংলাদেশিরা। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে নতুন দুঃসংবাদ। দেশটির অভিবাসন বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশসহ নয়টি দেশের জন্য পর্যটন, কর্ম ও ব্যবসায়িক ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আমিরাতের নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছে আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিরাপত্তাজনিত উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও মহামারির ঝুঁকিকে কারণ হিসেবে দেখানো হলেও বিস্তারিত ব্যাখ্যা দেয়নি আমিরাত সরকার।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রেও অভিবাসন প্রক্রিয়ায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসার বাৎসরিক ফি ১ হাজার ৫০০ ডলার থেকে বাড়িয়ে এক লাফে ১ লাখ ডলার করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসেবে)। শুক্রবার মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এ তথ্য নিশ্চিত করেছেন।
২০০৪ সালে চালু হওয়া এইচ-১বি কর্মসূচির আওতায় প্রতিবছর প্রায় ৮৫ হাজার দক্ষ বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ পান। তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন খাতে অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, অ্যাপল, মেটা প্রভৃতি কোম্পানি এই ভিসার সবচেয়ে বড় ব্যবহারকারী।





