শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

দেখতে অবিকল একটি স্টিলের কলম—ওপরে একটি পুশ-বাটন, সামনে সুচালো নিব। তবে এতে কোনো কালি নেই; ভেতরে থাকে গুলি। একটি মোচড়ে বাটনে চাপ দিলেই ছুটে আসে প্রাণঘাতী .২২ ক্যালিবারের বুলেট। সাধারণ চোখে এটি একটি কলম হলেও অপরাধীদের হাতে এটি হয়ে উঠছে ভয়ংকর মরণাস্ত্র।

সম্প্রতি পুরান ঢাকায় এক যুবদল নেতাকে হত্যাচেষ্টায় এমন ‘পেন গান’ বা কলম পিস্তল ব্যবহারের তথ্য পাওয়া গেছে। একই ধরনের অস্ত্র দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও উগ্রবাদী গোষ্ঠীর হাতে থাকার খবর মিলেছে, যা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, আকারে ছোট হওয়ায় এই অস্ত্র সহজে লুকিয়ে রাখা যায় এবং ব্যবহার করার আগ পর্যন্ত এটি শনাক্ত করা অত্যন্ত কঠিন।

গত ৩ এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে দিনের বেলায় সংঘটিত গুলির ঘটনার তদন্ত করতে গিয়ে একটি পেন গান উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের একটি দল যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে সোহেল ওরফে কাল্লু এবং সাইমন নামে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকেই অস্ত্রটি জব্দ করা হয়। গোয়েন্দারা এখন এর উৎস ও চোরাচালান রুট শনাক্তের চেষ্টা করছেন।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এর আগে গত বছরের এপ্রিলে খুলনায় এক ব্যবসায়ীকে একই ধরনের পেন গান ব্যবহার করে হত্যা করা হয়েছিল।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম বলেন, নয়াবাজারের ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত চালাচ্ছিলেন। প্রথমে যাত্রাবাড়ী থেকে সাইমনকে গ্রেপ্তার করা হয়, পরে কেরানীগঞ্জ থেকে কাল্লুকে আটক করা হয়। কাল্লুর কাছ থেকেই পেন গানটি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, এটি কোনো সাধারণ আগ্নেয়াস্ত্র নয় এবং ঢাকায় এ ধরনের অস্ত্র ব্যবহারের পূর্ব নজির নেই। অস্ত্রটি কীভাবে দেশে এসেছে, কারা এর কারিগর বা পাচারকারী এবং অন্য কোথাও এর ব্যবহার হয়েছে কি না—এসব বিষয়ে একাধিক টিম কাজ করছে।

আহত যুবদল নেতা রাসেলকে ৩ এপ্রিল নয়াবাজারের একটি বাসায় ডেকে নিয়ে গুলি করা হয়। পরিবারের দাবি, পরিচিতজনদের ডাকে তিনি সেখানে গিয়েছিলেন। গুলির পর অভিযুক্তরা তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্রটি একটি সিগারেটের প্যাকেটের ভেতরে লুকানো ছিল। পুলিশ ধারণা করছে, এটি ভারত বা পাকিস্তান থেকে চোরাচালানের মাধ্যমে দেশে প্রবেশ করেছে।

গ্রেপ্তার এক আসামি জানিয়েছে, অস্ত্রটি ৮০ হাজার টাকায় কেনা হয়েছিল এবং বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল। মাদক-সংক্রান্ত বিরোধ থেকেই গুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পেন গান মূলত একটি ছোট আকারের আগ্নেয়াস্ত্র, যা দেখতে সাধারণ কলমের মতো। সাধারণত .২২ বা .২৫ ক্যালিবারের গুলি ছোড়ার সক্ষমতা রয়েছে এতে এবং বেশিরভাগ ক্ষেত্রে একবারে একটি গুলিই ছোড়া যায়। পুরোনো সংস্করণে পিনফায়ার পদ্ধতি ব্যবহৃত হলেও আধুনিক সংস্করণে রিমফায়ার বা সেন্টার-ফায়ার কার্টিজ ব্যবহার করা হয়।

ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্রটিতে কোনো কোম্পানির লোগো বা শনাক্তযোগ্য চিহ্ন নেই, ফলে এর উৎস নির্ধারণ কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বিশেষ করে খুলনায় উগ্রবাদী গোষ্ঠীর হাতেও এমন অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া যাচ্ছে।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD