ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু

resize-8.jpeg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন প্রার্থীরা।

বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে প্রচারণা চালাচ্ছে ডাকসুতে স্বতন্ত্র প্যানেল ডিইউ ফার্স্ট, যেখানে ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও জিএস প্রার্থী মো. মাহিন সরকার উপস্থিত ছিলেন। একই সময়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদও প্রচারণা শুরু করেছে।

প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। তবে ছাত্রী হলে রাত ১০টার পর প্রচারণা নিষিদ্ধ। এছাড়া প্রচারণার সময় সামাজিক, আর্থিক বা সেবামূলক সহযোগিতা পরিচালনা করা যাবে না। মূলত প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছানোর জন্য চারটি মাধ্যম ব্যবহার করছেন: অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার ও লিফলেট, ব্যানার, এবং সশরীরে হল ও একাডেমিক ভবনের সামনে প্রচারণা।

নির্বাচন কমিশন বিকেল চারটায় আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশ করবে। এ পর্যন্ত ডাকসু নির্বাচনে ৪৭৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর আগে সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। ভোট অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

Leave a Reply

scroll to top