জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এনজিওগ্রাম পরীক্ষায় এ সমস্যা ধরা পড়ে।
বুধবার (৩০ জুলাই) সকালে এ তথ্য জানান ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার। তিনি বলেন, গত ২৩ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে এনজিওগ্রাম করা হয়।
পরীক্ষার পর চিকিৎসকরা জানান, হার্টের তিনটি প্রধান ধমনীতে ব্লক রয়েছে। এ অবস্থায় বাইপাস সার্জারিই সর্বোত্তম চিকিৎসা। তবে বিকল্প হিসেবে ‘রিং পরানোর’ বিষয়টিও বিবেচনায় রয়েছে।
জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী (পিএস) নজরুল ইসলাম বলেন, মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও তিনি দেশে থেকেই সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন।