বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার অন্যতম আসামি ও ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার (৪০) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি লেকের পাশে কয়েকজনের সঙ্গে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম।
পুলিশ জানায়, ২০২৩ সালের ৫ আগস্ট থেকে ইয়াছিন শরীফ আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ অক্টোবর ফেনীর ছাগলনাইয়া উপজেলায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি তিনি।
ইয়াছিন শরীফ বর্তমানে পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ছাড়াও বিআরডিবির চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পরশুরাম পৌরসভার দক্ষিণ কলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা এবং তার মেয়ের জামাতা।