কোনও প্রার্থীকেই সবুজ সংকেত দেওয়া হয়নি: বিএনপি

befunky_2025-8-2_11-52-46-2e4507708de7ee596d1a10177bc91345.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখনও কাউকেই প্রার্থী হিসেবে সবুজ সংকেত দেওয়া হয়নি বলে জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

তিনি বলেন, উপযুক্ত সময়ে গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই-বাছাই করে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী মনোনীত করা হবে। প্রত্যাশিদের পারফরম্যান্স এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয়তাই মনোনয়নের ভিত্তি হবে।

রিজভী স্পষ্ট করেন, কোনও নির্বাচনি এলাকায় কাউকে প্রার্থী হিসেবে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। বিএনপির প্রার্থী নির্ধারণের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ডের, আর তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। তফসিল ঘোষণার আগেই গণমাধ্যমে প্রকাশিত মনগড়া তালিকা ও খবরের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, একটি মহল অপতথ্য ও মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তালিকা ছড়িয়ে নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিএনপিকে দুর্বল করতে চক্রটি নানা প্রোপাগান্ডা চালাচ্ছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ইউনিটে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখতে এবং গণসংযুক্ত কার্যক্রমে সক্রিয় থাকার তাগিদ দিয়েছেন তিনি।

Leave a Reply

scroll to top