চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশে, যা গত বছরের তুলনায় ১৫ দশমিক ৪৩ শতাংশ কম।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে সব মাধ্যমে একযোগে ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এ বছরের ফল প্রকাশের মধ্য দিয়ে দুই মাসেরও কম সময়ের ব্যবধানে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করল সরকার।
এবারও ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৪২ হাজার ১২৭ জন কম।
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১ লাখ কম। তবে এ বছর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল তুলনামূলকভাবে বেশি।