উত্তরায় মাইলস্টোন কলেজ ভবনে বিমান বিধ্বস্ত: শতাধিক শিক্ষার্থী ছিলেন ভেতরে

resize-350x300x1x0image-291826-1753095650bdjournal.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সময় ভবনটিতে নিয়মিত ক্লাস শেষ হলেও কোচিং ক্লাস চলছিল। সেখানে প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন বলে জানিয়েছেন মাইলস্টোন কলেজের এক কর্মকর্তা। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে উপস্থিত ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ভবনটিতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাস হয়। ক্লাস শেষ হওয়ার পর কোচিং চলছিল। দুর্ঘটনার সময় ভেতরে অনেক শিক্ষার্থী ছিল। অনেকে আহত বা নিহত হয়েছে বলে আশঙ্কা করছি।”

তিনি আরও বলেন, “আমাদের শিক্ষার্থীদের কেউ চিকিৎসাধীন আছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য হাসপাতালে এসেছি।”

বিমান বিধ্বস্তের পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া বিভিন্ন গণমাধ্যম সূত্র অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন।

 

 

Leave a Reply

scroll to top