বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চনের জীবনের একটি কঠিন অধ্যায় হলো ১৯৮৩ সালে ‘কুলি’ সিনেমার শুটিং চলাকালীন ঘটে যাওয়া মারাত্মক দুর্ঘটনা। তিনি সেটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং একসময় ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়। মৃত্যুর সঙ্গে লড়াই শেষে ফিরে আসলেও, হাসপাতালে রক্ত সঞ্চালনের মাধ্যমে তিনি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হন।
অমিতাভের ভাষ্য অনুযায়ী, এই সময় তার রক্তের প্রয়োজন হয়েছিল প্রচুর—প্রায় ২০০ জন রক্ত দান করেন এবং ৬০টি রক্তের ব্যাগ ব্যবহৃত হয়। দুর্ভাগ্যবশত, রক্তদাতাদের মধ্যে একজন হেপাটাইটিস বি ভাইরাস বহন করছিলেন, যা তখন সনাক্ত করা যায়নি। এর ফলে এই ভাইরাস অমিতাভের শরীরে প্রবেশ করে, যা ২০০৫ সালে চেকআপে ধরা পড়ে। জানা যায়, তার লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে এবং তিনি মাত্র ২৫ শতাংশ লিভার নিয়েই বেঁচে আছেন।
এছাড়া, ২০০০ সালে তিনি মেরুদণ্ডের যক্ষ্মা (টিবি) রোগে আক্রান্ত হন। এক বছরের কঠোর চিকিৎসার মাধ্যমে সুস্থ হলেও তখনও শারীরিক কষ্ট চলতে থাকে। অমিতাভ এই অভিজ্ঞতাগুলোকে ব্যবহার করে জনসচেতনতা তৈরি করতে বিভিন্ন প্রচারাভিযানে অংশ নেন এবং টিবি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট থাকেন।
বর্তমানে অমিতাভ ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭ নম্বর সিজন উপস্থাপন করছেন। তিনি সম্প্রতি টিজে জ্ঞানভেল নির্মিত ‘ভেট্টাইয়ান’ সিনেমায় অভিনয় করেছেন, যেখানে রজনীকান্ত, ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি, মঞ্জু ওয়ারিয়র প্রমুখও রয়েছেন।





