ঢালিউডের সুপারস্টার শাকিব খানকে নিয়ে ফের মন্তব্য করলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। রোববার (৩ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে আলোচিত এ উপস্থাপক লেখেন,
“শাকিব খান এর দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন—দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই। কারণ, অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না, সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার, তত বড় মেধাবী না। আবার আমি যত মেধাবী, ততো বড় স্টার না।”
জয়ের এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করলেও অনেকে এটিকে অপ্রাসঙ্গিক ও ব্যক্তিগত আক্রমণ বলেও মন্তব্য করেছেন।
এদিকে, একই দিন শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর নিউ ইয়র্কে সময় কাটানোর কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানে তাদের ছেলে বীরকেও দেখা গেছে। ছবিগুলোতে রুজভেল্ট আইল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় শাকিব ও বুবলীকে।
উল্লেখ্য, ব্যক্তিজীবন নিয়ে নানা সময় আলোচনার কেন্দ্রে থাকেন শাকিব খান। সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত সম্পর্ক ও সন্তানদের নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা চলছে। এই প্রেক্ষাপটে জয়-এর পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।