সংগীতের আঙিনায় তারা দুজনেই জনপ্রিয় নাম। একসঙ্গে গান দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন। তবে এবার আর সুরের ছন্দে নয়, প্রথমবার পর্দায় জুটি হয়ে হাজির হচ্ছেন প্রীতম হাসান ও জেফার রহমান।
শিহাব শাহীনের পরিচালনায় এই দুই সংগীতশিল্পীকে নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। আগামী ১৪ এপ্রিল, বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ফিল্মটি।
জানা গেছে, প্রায় এক বছর আগে শুটিং শেষ হলেও কারিগরি কিছু জটিলতার কারণে এর মুক্তি আটকে ছিল। অবশেষে টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করেছে বিঞ্জ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওয়েব ফিল্মটির ট্রেলার প্রকাশের কথা রয়েছে।
ফিল্মটির গল্পের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা শিহাব শাহীন জানান, এটি একটি মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প। যে মেয়েটি সবসময় নিজের চাওয়া ও সিদ্ধান্তকে গুরুত্ব দেয় এবং নিজের জীবন নিজের মতো করে গড়ে তুলতে চায়। তার এই স্বাধীনচেতা স্বভাব থেকেই সম্পর্ক ও জীবনের নানা জটিলতা তৈরি হয়। সেই টানাপোড়েন ঘিরেই এগিয়েছে গল্প।
প্রীতম ও জেফার প্রথমবারের মতো জুটি বাঁধলেও শিহাব শাহীনের সঙ্গে দুজনেরই কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রীতম অভিনয় করেছেন তাঁর ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ফিল্ম এবং ‘ক্যাকটাস’ সিরিজে। অন্যদিকে জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে। পরিচালনার পাশাপাশি ‘তুমি আমি শুধু’–এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিহাব শাহীন নিজেই।





