চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক কুসুম শিকদার মনে করেন, ইতিবাচক চিন্তাভাবনাই মানুষকে ভেতর থেকে সুন্দর রাখে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি পজিটিভ মানুষ। আমি পজিটিভ এনার্জির মধ্যে থাকতে পছন্দ করি। আমি খুব কৃতজ্ঞ মানুষ, মিথ্যা কথা বলি না। খুব কম।”
তিনি আরও জানান, নেগেটিভ এনার্জি এড়িয়ে চলার চেষ্টা করেন সবসময়। “কারও সঙ্গ যদি আমার মনে হয় যে আমাকে স্ট্রেস দেবে, কষ্ট দেবে, আমি সেই সঙ্গ ত্যাগ করি। আমার মনটা সতেজ রাখার চেষ্টা করি।”
কুসুম শিকদার বলেন, নিজের ত্বক কিংবা রূপচর্চার পেছনে আলাদা করে কোনো চেষ্টা করেন না। বরং সুস্থ খাদ্যাভ্যাসই তার সৌন্দর্যের আসল রহস্য। “আমি খাওয়া-দাওয়াটা মেইনটেইন করি। শাকসবজি, দুধ, দই, গ্রিন টি প্রচুর খাই। মাছ-মাংস খাই খুব কম। তবে ভাত খাই প্রতিদিন দু’বেলা বা তিনবেলা, কিন্তু অল্প।”
তার মতে, সুন্দর থাকা মানে কেবল বাহ্যিক নয়, মানসিক সতেজতা ও ইতিবাচক মনোভাবই মানুষকে সত্যিকার অর্থে উজ্জ্বল করে তোলে।