মাত্র ৪২ বছর বয়সে থেমে গেল অভিনেত্রী শেফালি জারিওয়ালার জীবন। শুক্রবার, ২৭ জুন রাতে মুম্বইয়ের বাসভবনে হৃদযন্ত্র বিকল হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়।
শেফালির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ও টেলিভিশন অঙ্গনে। তিনি ২০০২ সালে ইন্ডি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’তে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন এবং “কাঁটা লাগা গার্ল” নামে পরিচিতি পান। এর পরে তিনি ‘মুঝসে শাদি করোগি’ (২০০৪) ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন এবং একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেন, যার সংখ্যা প্রায় ৩৫টি।
শেফালি ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গেছেন। ২০০২ সালে প্রথম বিয়ে করেন, তবে ২০০৯ সালে সেই সম্পর্ক ভেঙে যায় মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে। এরপর দীর্ঘ বিরতি শেষে তিনি টেলিভিশনে ‘নাচ বালিয়ে’ (সিজন ৫) এবং ‘বিগ বস ১৩’-এ অংশগ্রহণ করে আবারও আলোচনায় আসেন। ২০১৪ সালে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে বিয়ে করেন এবং দুজনে সুখেই সংসার করছিলেন। শেফালি নিয়মিত যোগব্যায়াম ও স্বাস্থ্যচর্চা করতেন বলেও জানা যায়।
তবে এই সুস্থ ও সুশৃঙ্খল জীবনের মাঝেই ঘটে যায় এই অপ্রত্যাশিত দুর্ঘটনা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তার অতীতে মৃগী ও মানসিক বিষণ্ণতার সমস্যা ছিল, যা ১৫ বছর বয়স থেকেই তাকে ভুগিয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে এখন কুপার হাসপাতালের ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা।
শেফালির মৃত্যুতে তার ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন। বিশেষ করে তার স্বামী পরাগ ত্যাগী হাসপাতালে উপস্থিত ছিলেন এবং স্ত্রীর মৃত্যুতে বিপর্যস্ত হয়ে কাঁদছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ‘কাঁটা লাগা’ দিয়ে যাত্রা শুরু করে তিনি যে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন, তা আজও স্মরণীয়। তার অকাল প্রয়াণে ভারতীয় বিনোদন জগতে তৈরি হয়েছে এক অপূরণীয় শূন্যতা।





