বিশ্ববিদ্যালয় শিক্ষককে গাড়িতে তুলে নিয়ে টাকা লুট, রাস্তায় ফেলে দেয় দুর্বৃত্তরা

cumilla-teacher-kidnape-060326-01-1772804222.jpg
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক সোহেলকে জোর করে প্রাইভেটকারে তুলে নিয়ে নির্যাতন করে প্রায় এক লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বুধবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সড়কের পাশে অপেক্ষা করছিলেন আব্দুর রাজ্জাক সোহেল। এ সময় একটি সাদা প্রাইভেটকারের চালক তাকে ডাক দিলে তিনি কাছে যান। তখন গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে জোর করে গাড়িতে তুলে নেয়।

পরে তার চোখ ও হাত বেঁধে মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, দুর্বৃত্তরা শিক্ষকের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চায়। পরে বিকাশ অ্যাকাউন্ট থেকে ২ হাজার ৫০০ টাকা এবং মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার ৩৫০ টাকা নিয়ে নেয়।

এ ছাড়া ট্রাস্ট ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে চার দফায় ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে প্রায় ৯৭ হাজার ৫০০ টাকা লুট করে তাকে দাউদকান্দি এলাকার একটি নির্জন স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরে তিনি বাসে করে ঢাকায় যান এবং বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে কুমিল্লায় ফিরে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেন।

ভুক্তভোগী শিক্ষক আব্দুর রাজ্জাক সোহেল বলেন,
“অপহরণকারীরা আমার কাছ থেকে মোট ৯৭ হাজার ৫০০ টাকা নিয়ে নেয়। পরে আমাকে দাউদকান্দির একটি অজ্ঞাত স্থানে ফেলে যায়। এ সময় তারা আমাকে গুলি ও স্প্রে করে অজ্ঞান করে দেওয়ারও হুমকি দেয়। ঘটনার পর থেকে আমি গভীর ট্রমার মধ্যে আছি।”

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন,
“ঘটনার বিষয়ে মামলা হয়েছে। আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নেব।”

 

Leave a Reply

scroll to top