বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান। একই সাথে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলেও বাতিল হয়েছে বাসদ প্রার্থীর আবেদন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ২৫ মিনিটে তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। এর পাশাপাশি এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ পাওয়া গেছে। তবে আয়কর রিটার্ন দাখিল না করায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
এর আগে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। বগুড়া-৬ আসনে জেলা বিএনপির শীর্ষ নেতাদের একটি প্রতিনিধিদল তাঁর পক্ষে আবেদনপত্রটি জমা দেন।
উল্লেখ্য, এই আসনটি দীর্ঘকাল বিএনপির দুর্গ হিসেবে পরিচিত; ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনেই এখান থেকে দলটি জয়লাভ করেছে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চারবার এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
লন্ডন প্রবাসকালীন দীর্ঘ ১৬ বছর ভোটার তালিকায় নাম ছিল না তারেক রহমানের। গত বছরের জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এরপর তিনি ঢাকা-১৭ আসনের ভোটার হন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





