জুলাই আন্দোলনে ‘গণহত্যার দায়’ শুধু শেখ হাসিনার নয়, বরং দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ সরকারের নিপীড়ন-নির্যাতন, হত্যা, গুম-খুনের সবচেয়ে বড় ভুক্তভোগী দল হচ্ছে বিএনপি। শুধু শেখ হাসিনা নয়, পুরো আওয়ামী লীগকে এই গণহত্যার জন্য জবাবদিহির আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “দেশে হাজার হাজার মানুষ হত্যার দায় নিয়ে ১১ মাস আগে জনরোষে ক্ষমতাচ্যুত হয়ে ভারত পালিয়ে গেছেন স্বৈরাচারী শেখ হাসিনা। অথচ এত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাকে বা তার দলকে বিচারের মুখোমুখি করা হয়নি—এটা অত্যন্ত দুঃখজনক এবং জাতির জন্য লজ্জার।”
বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচন ও সংস্কার পরস্পরবিরোধী নয়। দেশের জনগণ একটি সুষ্ঠু নির্বাচন চায়। যারা নির্বাচন পেছানোর কথা বলছেন, তারা যেন দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নতুন করে চিন্তা করেন।”
তিনি আরও বলেন, “দেশ বাঁচাতে হলে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই।”
আলোচনার একপর্যায়ে মির্জা ফখরুল বলেন, “এই সংকট উত্তরণে দেশের সব রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি। দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার নিশ্চিত করাই এখন সময়ের দাবি।”